কিশোরবাংলাপ্রতিবেদন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক নিয়েছেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ২৬৫ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থী। নিজ কার্যালয়ে রোরবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৫ ও ২০১৬’ বিতরণ করেন শেখ হাসিনা।
বিশ্বায়নের যুগে মাথা উঁচু করে দাঁড়াতে গুণগত ও মানসম্পন্ন উচ্চশিক্ষার ওপর জোর দিয়ে এসময় প্রধানমন্ত্রী বলেন, মানসম্পন্ন শিক্ষা এবং গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিই সকল প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতাকে কাটিয়ে সভ্যতাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে।
যে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদক পেয়েছেন, সেগুলোকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শুধু একটা জিনিস দরকার; সুযোগটা সৃষ্টি করে দেওয়া; মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করে দেওয়া।”
২০১৫ সালের জন্য পদক পেয়েছেন ১২৪ জন, যার মধ্যে ৫১ জন নারী। অন্যদিকে ২০১৬ সালে স্বর্ণপদক পাওয়া ১৪১ জনের মধ্যে নারী ৬৮ জন।
প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, “২০১৬ সালে মেয়েদের সংখ্যাটা বেশ বেড়ে গেছে।”
সমাজের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণের ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, “একটা সমাজে নারী-পুরুষের সমান অধিকার থাকা দরকার। একটা সমাজ গড়ে তুলতে চাইলে সবাইকে সুযোগটা করে দিতে হবে।”
ছেলেদের পড়াশোনার দিকে আরো মনোযোগী হতেও তাগিদ দেন প্রধানমন্ত্রী।