কিশোরবাংলাপ্রতিবেদন: সব জেলা শহরে শিশু আদালত গঠন করতে এ সংক্রান্ত আইন সংশোধনীর প্রস্তাবে সায় দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে শিশু (সংশোধন) আইন- ২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, “২০১৩ সালে শিশু আইন প্রণয়ন করা হয়। এখানে একটু সমস্যা হচ্ছিল, শিশু আদালত গঠন নিয়ে ক্রাইসিস তৈরি হয়েছে।
“এই ক্রাইসিসকে দূর করার জন্য এই সংশোধনীটি প্রস্তাব করা হয়েছে। এখানে আদালতের এখতিয়ারকে সম্প্রসারণ করা হয়েছে। যাতে কোনো অবস্থাতেই মামলা থেমে না থাকে বা কেউ যেন বিলম্বিত বিচার ব্যবস্থার শিকার না হয়।”
শফিউল বলেন, প্রত্যেক জেলা শহরে শিশু আদালত নামে এক বা একাধিক আদালত থাকবে। বর্তমানে এই আদালত আলাদাভাবে নেই, এই আইন সংশোধন হওয়ার পর থাকবে।
আইনের সংশোধনী কার্যকর হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন গঠিত সব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশুর আদালত হিসেবে গণ্য হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।