পড়াশুনা

প্রশ্নপত্র ফাঁস: পরীক্ষা বাতিলের সম্ভাবনা কম

কিশোর বাংলা প্রতিবেদন: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিষয়ে এমসিকিউ অংশে কিছু কিছু ফাঁসের প্রমাণ পেয়েছে। কিন্তু সৃজনশীল অংশে ফাঁসের কোনো প্রমাণ পায়নি। সার্বিক দিক বিবেচনায় পরীক্ষা বাতিলের সুপারিশ করার সম্ভাবনা একেবারেই কম।
গতকাল রোববার সরকারি পরিবহন পুলের সভাকক্ষে আন্তমন্ত্রণালয় কমিটির চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এসব পর্যবেক্ষণ উঠে আসে। বৈঠকে উপস্থিত কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, পরীক্ষা বাতিলের সম্ভাবনা কম।
তবে পরীক্ষা বাতিল হবে কি না, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ১৫-২০ লাখ শিক্ষার্থীর স্বার্থের কথা চিন্তা করেই সুপারিশ করা হবে। সরকারও তাদের স্বার্থের কথা
চিন্তা করেই সিদ্ধান্ত নেবে। এমন কোনো সুপারিশ করা হবে না, যাতে তাদের ক্ষতি হয়। তাই তারা যেন উদ্বেগে না থাকে। দু-এক দিনের মধ্যেই প্রতিবেদন সরকারের (শিক্ষা মন্ত্রণালয়) কাছে জমা দেওয়া হবে বলে জানান সচিব।