কিশোর সমস্যা

বিশ্বে প্রতি ৫ সেকেন্ডে ১ শিশু মারা যায়

কিশোর বাংলা প্রতিবেদন: জাতিসংঘের জনসংখ্যা বিভাগ ও বিশ্বব্যাংক গ্রুপের প্রকাশিত শিশু মৃত্যুর নতুন হিসাব অনুযায়ী, ২০১৭ সালে ১৫ বছরের কম বয়সী প্রায় ৬৩ লাখ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রতি ৫ সেকেন্ডে মারা গেছে একজন শিশু। বেশিরভাগ ক্ষেত্রেই এসব মৃত্যু হয়েছে প্রতিরোধযোগ্য কারণে।
এই শিশুদের একটি বড় অংশের মৃত্যু হয়েছে তাদের জীবনের প্রথম পাঁচ বছরের মধ্যে, যা সংখ্যায় ৫৪ লাখ। মৃত্যুবরণকারী এই শিশুদের মধ্যে নবজাতকের সংখ্যা প্রায় অর্ধেক।
ইউনিসেফের তথ্য, গবেষণা ও নীতিমালা বিষয়ক পরিচালক লরেন্স চ্যান্ডি বলেন, ‘জরুরি পদক্ষেপ নেওয়া না হলে এখন থেকে ২০৩০ সাল পর্যন্ত সময়ে পাঁচ বছরের কমবয়সী ৫ কোটি ৬০ লাখ শিশুর মৃত্যু হবে। শিশুদের রক্ষায় আমরা ১৯৯০ সাল থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। তারপরও লাখ লাখ শিশু এখনো মৃত্যুবরণ করছে, কেবলমাত্র তারা কারা এবং কোথায় জন্মগ্রহণ করছে- এই কারণে। ওষুধ, পরিষ্কার পানি, বিদ্যুৎ ও টিকার মতো সহজ সমাধান নিশ্চিত করে আমরা প্রতিটি শিশুর এই বাস্তবতা বদলে দিতে পারি।’