কিশোরবাংলাপ্রতিবেদন: বিদেশি শিক্ষার্থীদের জন্য বেতন বাড়ালো মালায়া ইউনিভার্সিটি। মালয়েশিয়ার প্রথম এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রায় ৮ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী। অপ্রত্যাশিত এই বেতন বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়টি সেমিস্টার প্রতি কিছু ক্ষেত্রে ৪ হাজার ৫০০ রিঙ্গিত, অর্থাৎ প্রায় ৯৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘ বিবৃতি দিলেও কবে থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর করা হয়েছে বা কেন আর্ন্তজাতিক শিক্ষার্থীদের আগেই বেতন বৃদ্ধির বিষয়টি জানানো হয়নি, সে ব্যাপারে কিছুই জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়, অনুষদগুলোর প্রোগ্রামের খরচের তুলনায় নতুন এই ফি আসলে তেমন কিছুই না।
এর আগে গত ১১ জানুয়ারি ১৫ জন বিদেশি শিক্ষার্থীর একটি গ্রুপ মালয়েশিয়ার দৈনিক স্টার’কে বলেন, তারা মালয়েশিয়া আসার পর কোর্সের রেজিস্ট্রেশন করতে গেলেই বিষয়টি জানানো হয়।
এই বেতন বৃদ্ধি কোর্স প্রতি ভিন্ন। তবে কয়েকশ’ রিঙ্গিত থেকে শুরু করে বছরে ৯ হাজার রিঙ্গিত পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
শিক্ষার্থীরা তাদের বিবৃতিতে বলেছেন, নতুন টিউশন ফি নিয়ে তারা অভিযোগ করছেন না। তবে হঠাৎ ফি বৃদ্ধিতে ধাক্কা খেয়েছেন।
এ বিষয়ে ন্যাশনাল কনজিউমার কমপ্লেইন্টস সেন্টারের সিনিয়র লিগ্যাল অ্যান্ড পলিসি ম্যানেজার সাবানা নাসির আহমেদ বলেন, ইউনিভার্সিটি মালায়া শিক্ষার্থীদের মতামত না নিয়েই বিষয়টি করেছে। তাদের কোথায় খরচ বেড়েছে বা কমেছে সেটা বড় বিষয় নয়।