ইয়েমেন গৃহযুদ্ধে হতাহত পাঁচ হাজার শিশু : ইউনিসেফ
কিশোর বাংলা প্রতিবেদন : ইয়েমেনের গৃহযুদ্ধে পাঁচ হাজারের বেশি শিশু হতাহত হয়েছে। এ ছাড়া আরো চার লাখ অপুষ্টিতে ভোগা শিশু জীবন বাঁচানোর জন্য লড়ছে বলে গত মঙ্গলবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এমন তথ্যই জানিয়েছে।
ইয়েমেনের রাজধানী সানায় প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, প্রায় ২০ লাখ শিশু বর্তমানে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না। এদের সিকি ভাগ সৌদি জোটের হামলা শুরুর পর যোগ হয়েছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইউনিসেফের প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর ৩০ লাখেরও বেশি শিশুর জন্ম হয়েছে। এরা বছরের পর বছর সহিংসতা, দারিদ্র্য, রোগ, অপুষ্টি ও মৌলিক চাহিদার অভাবের মধ্যে আতঙ্ক নিয়ে বেড়ে উঠছে। জাতিসংঘের হিসাবে দেশটির এক কোটি ১০ লাখ শিশু অর্থাৎ ‘প্রায় প্রতিটি শিশুরই মানবিক সহায়তা প্রয়োজন’।
২০১৫ সালের মার্চে সৌদি আরবের হস্তক্ষেপের পর প্রতিদিন গড়ে পাঁচটি করে শিশু হতাহত হয়েছে। ইয়েমেনে ইউনিসেফের প্রতিনিধি মেরিটেক্সেল রেলানো বলেছেন, ইয়েমেনে শিশুদের পুরো প্রজন্মটাই সহিংসতা ছাড়া আর কিছু চেনে না। তারা যুদ্ধের ভয়াবহতা ভোগ করছে। অথচ এটাতে তাদের কোনো হাত নেই। অপুষ্টি আর রোগবালাইয়ের কারণে মৌলিক সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। যারা বেঁচে যাবে তারাও আজীবন এই যুদ্ধের শারীরিক ও মানসিক ক্ষত বয়ে বেড়াবে।


