কিশোর চিন্তা

সন্তানের আত্মমর্যাদাবোধ তৈরিতে পিতামাতার ভূমিকা

কিশোর বাংলা প্রতিবেদন: সন্তানের আত্মমর্যাদাবোধ তৈরিতে পিতামাতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মমর্যাদা হলো ব্যক্তির নিজের সম্পর্কে এক ধরনের সার্বিক ধারণা, যা নিজের প্রতি বিশ্বাস ও আবেগের সমন্বয়ে তৈরি হয়। শুধু তা-ই নয়, একজন ব্যক্তির অভীষ্ট লক্ষ্য অর্জনে, অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপনে ও সুখী জীবন যাপনের জন্য আত্মমর্যাদাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেননা নিম্ন আত্মমর্যাদাবোধসম্পন্ন শিশুরা তাদের লেখাপড়াসহ বিভিন্ন ধরনের কাজে হোঁচট খেতে থাকে। যোগ্যতা থাকা সত্ত্বেও তারা তাদের প্রাপ্য অবস্থানে পৌঁছাতে পারে না। তাই সন্তানের ভবিষ্যৎ জীবনের জন্য ছোট থেকেই তার মধ্যে আত্মমর্যাদাবোধ তৈরি করুন।
অনেক সময় আত্মমর্যাদা বোধের অভাবে ব্যক্তির মধ্যে সবকিছু নিয়ে নেতিবাচকভাবে দেখা, রাগ নিয়ন্ত্রন করতে না পারা, লজ্জা, ভয়, নিজেকে অন্যের কাছে অহেতুক বড় করে দেখানোর প্রবণতা সৃষ্টি হয়, যা তার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব বিস্তার করে।
ফলে ব্যক্তি নিজে এবং তার কাছের লোকজন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই আত্মমর্যাদাবোধ গড়ে উঠে শিশু বয়স থেকেই। আমরা জানি পরিবার সকল শিক্ষার মূলভিত্তি। তাই শিশুর আত্মমর্যাদা তৈরিতে পরিবারের বিশেষ করে পিতামাতার ভূমিকা অনস্বীকার্য।
শিশুকে তার ভালো কাজ, ভালো গুণ, ভালো ব্যবহারের জন্য প্রশংসা করুন।কখন কখনো বিনা শর্তে শিশুকে ভালবাসা প্রদর্শন করুন। আপনার জীবনে তার গুরুত্ব সম্পর্কে তাকে ভালো অনুভব করতে দিন। সে অনেক ভালো , তাকে আপনি পছন্দ করেন, এমনটি নিজে বলুন বা তার সামনে অন্য কাউকে বলুন।
এতে তার মনে নিজের গুণের ব্যপারে আত্মবিশ্বাস তৈরি হবে, নিজেকে মূল্যায়ন করতে শিখবে। তবে অযথা ভুল আচরণে বাড়াবাড়ি রকমের আদর প্রদরশন করবেন না।
শিশুর মধ্যে কোনো দুর্বলতা থাকলে তা সহজভাবে গ্রহণ করে নিন এবং শিশুকে বলুন সবার মধ্যে সব গুণ থাকে না, কেউ গানে ভালো তো কেউ খেলায় ভালো।
সবাই সব কিছু পারবে এটা সব সময় হয় না। তার পরিবর্তে সে যা ভালভাবে পারে তা ইতিবাচকভাবে তুলে ধরুন। এতে তার মধ্যে কোনো বিষয় না পারার প্রতি কোন হীনমন্যতা তৈরি হবে না এবং না পারা খুব খারাপ কিছু বলে সে নিজেকে অবমূল্যায়ন করবে না।
শিশুর সামনে পিতামাতাও এইসব দায়িত্ব পালন করবেন। ব্যক্তির সাধ্য অনুযায়ী ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলে ব্যক্তির মধ্যে নিজের প্রতি মর্যাদাবোধ তৈরি হয়।