স্বাস্থ্য

১৫ লাখেরও বেশি শিশু ক্যান্সারে আক্রান্ত

কিশোর বাংলা প্রতিবেদন: বাংলাদেশে ১৫ লাখেরও বেশি শিশু ক্যান্সারে আক্রান্ত। আর ব্যাপক সংখ্যক রোগীর জন্য রয়েছে মাত্র ২৫ জন শিশু ক্যান্সার বিশেষজ্ঞ।  ফলে রোগ নির্ণয় হতে দেরী হওয়ায় নিরাময়যোগ্য হবার পরও মৃত্যুর কাছে হার মানছে ক্যান্সারে আক্রান্ত দেশের ৮০ ভাগ শিশু। প্রথম পর্যায়ে রাজধানীর বাইরের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ১ জন করে শিশু ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের পরামর্শ বিশ্লেষকদের।
আক্রান্ত ১৫ লাখের সঙ্গে প্রতি বছর ১৩ হাজার শিশু নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। অথচ বাড়তে থাকা আক্রান্তের চিকিৎসায় সরকারের নেই কোন কার্যকরী পদক্ষেপ।
প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে শিশু ক্যান্সারের ৭৫ ভাগই নিরাময় সম্ভব। অথচ আর্থিক সমস্যা, সচেতনতার অভাব, চিকিৎসকের তীব্র সংকটসহ নানা কারণে আক্রান্তের ৮০ ভাগের রয়ে যাচ্ছে চিকিৎসার বাইরে।
শিশুদের ক্যান্সারের ১০ থেকে ১৫ ভাগ বংশগত কারণে হয়। শরীর বৃদ্ধি, টিউমার হওয়া এবং বৃদ্ধি নিয়ন্ত্রণে তিনটি জিন মূলত দায়ী। শিশুরা সাধারণত যে ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- চোখের ক্যান্সার, কিডনি ক্যান্সার, স্নায়ু ক্যান্সার, লিভার ক্যান্সার ও ব্রেইন ক্যান্সার। এ ছাড়া ব্লাড ক্যান্সার ও হাড়ের ক্যান্সারও হতে পারে।