পড়াশুনা

সমাপনী পরীক্ষায় ‘এ’ পেয়েছে হাতবিহীন সেই রফিকুল

কিশোর বাংলা প্রতিবেদন: চট্টগ্রামের সীতাকুণ্ডে মুখ দিয়ে লিখে পরীক্ষা দেওয়া দুই হাতবিহীন সেই রফিকুল ইসলাম প্রাথমিক সমাপনী পরীক্ষায় ‘এ গ্রেড’ পেয়েছে।

গত নভেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) ভাটিয়ারী হাজী টিএসি উচ্চবিদ্যালয়কেন্দ্রে সে পরীক্ষায় অংশগ্রহণ করে। রফিকুল ইসলাম ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

রফিকুলের বাবা দিনমজুরি করে সংসার চালান তিনি। ছেলের ফলাফলে অত্যন্ত খুশি তিনি। কিন্তু খুশির চেয়ে দুশ্চিন্তা হচ্ছে বেশি। কারণ ছেলেকে কীভাবে পড়াবেন।

ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, দুই হাত থাকলে নিশ্চিত সে জিপিএ-৫ পেত। দুই হাত নেই। অথচ মনোবল দৃঢ় থাকায় সে আজ এ ভালো ফলাফল করেছে।

এদিকে গত ১৯ নভেম্বর সকল বাধা তুচ্ছ করে শিরোনামে রফিকুলের পরীক্ষা দেওয়ার একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয় একটি দৈনিকে। সংবাদটি পড়ে এক ব্যক্তি রফিকুলের জন্য দুটি স্কুল ড্রেস, খাতা-কলম কিনে দেন। এ ছাড়া জাহাজভাঙা শিল্প মালিক সিরাজদ্দৌলা তার পরবর্তী পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বজলুর রহমান।