স্বাস্থ্য

শিশুর দাঁতের চিকিৎসায় পারদ ব্যবহার না করার ঘোষণা

কিশোর বাংলা প্রতিবেদন: গর্ভবতী মা ও শিশুদের দাঁতের চিকিৎসায় পারদের ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস)। এ বছরের জুন মাসের মধ্যে পারদের ব্যবহার বন্ধে ডেন্টাল সার্জনদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) সহযোগিতায় সোসাইটির এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান এসডোর চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “মিনামাটা কভেনশনটি যেহেতু আন্তর্জাতিক কোর্টে যুক্ত হয়েছে তাই মিনামাটা কনভেশনের স্বাক্ষরকারী দেশ হিসেবে ২০২০ সালের মধ্যে মার্কারিযুক্ত সকল পণ্যের ব্যবহার ও আমদানি বন্ধের ক্ষেত্রে সরকারের কাছে আবেদন জানাই।”
সংবাদ সম্মেলনে বিডিএস সভাপতি মো. আবুল কাশেম বলেন, “মার্কারির মত একটি বিষাক্ত ধাতু শুধু আমাদের শরীরকেই নয়, পরিবেশরও ক্ষতি করছে। তাই আমি সকল ডেন্টাল সার্জনদের অনুরোধ করব ভবিষ্যৎ প্রজন্মের এবং পরিবেশ রক্ষার স্বার্থে জুনের মধ্যে গর্ভবতী, স্তন্যদানকারী মা ও শিশুদের দাঁতের চিকিৎসায় মার্কারি ব্যবহার সম্পূর্ণরূপে পরিহারের জন্য।”
বিডিএস মহাসচিব হুমায়ুন কবির বুলবুল বলেন, “মিনামাটা কভেনশনটিনের স্বাক্ষরকারী দেশে হিসেবে ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে মার্কারিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা জরুরি।”