কিশোর চিন্তা

শিশুদের কি রোজা রাখতে দেয়া উচিত?

কিশোর বাংলা প্রতিবেদন: জার্মানির চিকিৎসকরা অভিভাবকদের অনুরোধ করেছেন যেন তারা তাদের শিশু সন্তানদের রোজা রাখতে না দেন। দেশটির শিশু চিকিৎসকদের সংগঠন বলছেন, রোজা শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।
অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে সংগঠনটি বলছে, ”আপনাদের বাড়তি বয়সের সন্তানরা যাতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করে, সে নিশ্চিত করুন।”
সারা বিশ্বের কোটি কোটি মুসলমান রোজা পালন করেন। এ সময় সূর্য ওঠার আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার বন্ধ থাকে। এ বছর ইউরোপে গ্রীষ্মকাল থাকায় দীর্ঘ দিন থাকবে। ফলে ইউরোপে প্রায় ১৮ ঘণ্টা ধরে রোজা রাখতে হবে।
ইসলাম ধর্মে ১৪ বছর বা সাবালকত্ব হওয়ার পর থেকেই প্রত্যেকের জন্য রোজা রাখার নিয়ম রয়েছে। এর নীচের শিশুদের রোজা রাখা বাধ্যতামূলক নয়। তবে জার্মান শিশু বিশেষজ্ঞরা বলছেন, অনেক পরিবারই শিশুদেরও রোজা রাখতে উৎসাহিত করে।
কিন্তু এ বছর রোজার সময় যেহেতু জার্মানির স্কুলগুলোয় গুরুত্বপূর্ণ সময়, তাই খাবার না খেলে বা পর্যাপ্ত পানির অভাব থাকলে তা পড়াশোনার ফলাফলে খারাপ প্রভাব ফেলতে পারে।
তবে শিশুদের রোজা রাখতে না দেয়ার কোন আইনি বাধ্যবাধকতা নেই ইউরোপের দেশগুলোয়।
অতীতে বিভিন্ন প্রতিষ্ঠান শিশুদের রোজা রাখা থেকে বিরত করার চেষ্টা করেছে। ২০১৫ সালে লন্ডনের একটি প্রাথমিক স্কুল রমজানে শিশুদের রোজা রাখা নিষিদ্ধ করেছিল, যাকে বোকার কাজ বলে বর্ণনা করেছিলেন একজন মুসলিম নেতা।
তবে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা দপ্তর বলেছেন, রোজা রাখা শিশুদের জন্য ক্ষতিকর নয়।