কিশোরবাংলাপ্রতিবেদন: জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে বিজয় দিবসে এবার রাজশাহী কলেজের শিক্ষার্থীরা তৈরি করেছেন মানব মানচিত্র।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল দশটার দিকে কলেজের মাঠে এ মানব মানচিত্র তৈরি করা হয়। কলেজের ১ হাজার ২০০ জন শিক্ষার্থী একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে লাল-সবুজ প্ল্যাকার্ডের ব্যবহারে বিশাল এ মানব মানচিত্র রচনা করেন।
পৌষের শিশির ভেজা মাঠে মিষ্টি রোদের মধ্যে প্রায় ১৫ মিনিট স্থায়ী ছিলো মানচিত্রটি। মানচিত্রটি বিশ্বের প্রথম এবং সবচেয়ে বড় মানব মানচিত্র বলেও দাবি কলেজের শিক্ষার্থীদের।
গত একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজের মাঠে তারা ব্যতিক্রমী ‘মানব শহীদ মিনার’ তৈরি করেছিলেন। আগের বছর তাদের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা ক্যাম্পাসে লাল-সবুজ রঙের ‘মানব পতাকা’ করেছিলেন।
রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান বলেন, এটি বিশ্বের প্রথম বা সবচেয়ে বড় মানব মানচিত্র কি-না- সে বিষয়ে আমার ব্যক্তিগত কেনো বক্তব্য নেই, এটি শিক্ষার্থীদের দাবি। তবে এটি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে, মানব মানচিত্র তৈরি করে কলেজের শিক্ষার্থীরা তাদের দেশপ্রেম ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে।
ভবিষ্যতেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের এমন ভালো কাজে তার সহযোগিতা থাকবে বলেও জানান অধ্যক্ষ।