কিশোরবাংলাপ্রতিবেদন: সরকার সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা চলতে থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণিতে উন্নীত করার পর নিয়ন্ত্রণ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে গণশিক্ষা মন্ত্রণালয়ের দ্বন্দ্বের কথাও অস্বীকার করেছেন তিনি।
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার বিস্তারিত তুলে ধরতে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন ফিজার।
প্রাথমিক সমাপনীর ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষা ততদিন চলিবে, যতদিন সরকার এই সিদ্ধান্ত না বদল করিবে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় বসানো নিয়ে বাংলাদেশের শিক্ষাবিদদের অনেকে আপত্তি জানিয়ে আসছেন। প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি করা হলে পঞ্চম শ্রেণির পরীক্ষাটি তুলে নেওয়ার প্রস্তাব এলেও তা আটকে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়।
এদিকে অষ্টম পর্যন্ত শ্রেণি প্রাথমিক স্তরে আসার ঘোষণার পর তার কর্তৃত্ব নিয়ে বিভিন্ন সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে দ্বন্দ্ব বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে।
প্রাথমিক শিক্ষা শেষমেশ অষ্টম শ্রেণি পর্যন্ত হবে কি না- এই প্রশ্নে গণশিক্ষা মন্ত্রী বলেন, “আমি মনে করি আমাদের সরকার ২০১০ এর শিক্ষানীতি বাস্তবায়নে প্রতিশ্রুতি বদ্ধ। এটা হতে পারে, সময় লাগছে। আমি আশাবাদী।”
মন্ত্রিসভার সিদ্ধান্তে ২০০৯ সালে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রচলন হয়। পরের বছর মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চালু হয় ইবতেদায়ি সমাপনী পরীক্ষা। আর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে আয়োজন করা হয় জেএসসি-জেডিসি পরীক্ষা।
আগে পঞ্চম শ্রেণিতে আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী চালুর পর ওই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকেই বৃত্তি দেওয়া হচ্ছে।