কিশোর সংবাদ

নির্মিত হচ্ছে ১৯টি শিশু নিবাস

কিশোর বাংলা প্রতিবেদন: ১৯টি শিশু নিবাস (সরকারি এতিম খানা) পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো নির্মিত হলে প্রায় আড়াই হাজার এতিম শিশুর জীবন ঝুঁকিমুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে ১৮টি সরকারি শিশু পরিবার ও একটি ছোটমনি নিবাসের হোস্টেলগুলো বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে হোস্টেলগুলো পুনর্নির্মাণ করা অতীব জরুরি বলে মত দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়।
এসব শিশু নিবাসের হোস্টেল পুনর্নির্মাণের লক্ষ্যে ২৯৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে  ‘সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ/পুনর্নির্মাণ’ নামে একটি প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্পটি আগামী ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন দেওয়া হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাসের শিশুদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করা, সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাসের শিশুদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা, সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাসের শিশুদের পরিচর্যা, নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের যথাযথ ব্যবস্থা ও প্রশিক্ষিত হয়ে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এ জন্যই এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।