কিশোর সমস্যা

চীনে শিশুদের ইন্টারনেট আসক্তির মাত্রা বাড়ছে

কিশোর বাংলা প্রতিবেদন: চীনে প্রতি ৩ শিশুর একজন স্কুলে যাওয়ার আগেই অনলাইনে আসক্ত হয়ে পড়েছে। বিনোদনের জন্যে প্রতিদিন ৩০ মিনিটের বেশি সময় এরা অনলাইনে ব্যয় করছে। চলতি সপ্তাহে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।
চায়না ন্যাশনাল ইয়ুথ প্যালেস অ্যাসোসিয়েশনের আওতায় একটি শিক্ষা গবেষণা কেন্দ্র জরিপটি পরিচালনা করে। গবেষণায় দেখা গেছে তিন বছর থেকে ছয় বছর বয়সী প্রায় ২৯ শতাংশ শিশু দিনে আধা ঘণ্টারও বেশি সময় অনলাইনে ব্যয় করে।
এছাড়া ১৪ বছরের ৬০ শতাংশেরও বেশি শিশু একইসময় অনলাইনে সময় কাটায়। অথচ অভিভাবক এ বিষয়ে খুব কমই সতর্ক বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অতিরিক্ত ইন্টারনেট আসক্তি এডিএইচডি (অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসর্ডার) নামক  মানসিক রোগের সৃষ্টি করে। এই রোগে আক্রান্ত শিশু নির্দিষ্ট কোনো কাজে পূর্ণ মনোযোগ প্রদান করতে পারে না।
 যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান-এর মতে চার থেকে সতেরো বছর বয়েসী অন্তত ৬০ লক্ষ শিশু-কিশোর বর্তমানে এডিএইচডি-তে আক্রান্ত। আক্রান্ত শিশুরা খিটখিটে মেজাজের হয়, মিথ্যে কথা বলে, এবং সবার সাথে অহেতুক তর্কে লিপ্ত হয়। এছাড়া স্কুলের রেজাল্ট দিনদিন খারাপ হতে থাকে।