কিশোর সংবাদ

চাইল্ড কেয়ারে শিশু বদল

কিশোর বাংলা প্রতিবেদন: নগরের প্রবর্তক মোড়ের বেসরকারি চাইল্ড কেয়ার হাসপাতালে নবজাতক বদলে অপর এক শিশুর মরদেহ দেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য বিভাগ।  কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ফেনী থেকে আসা রোকসানা আকতার (২১) নামের এক মা’র নবজাতক কন্যাশিশুকে রেখে অপর একটি শিশুর মরদেহ দেওয়া হয়। পরে জানাজার জন্য গোসল করানোর সময় সবাই দেখতে পান সেটি ছেলে শিশু। তারপর পাঁচলাইশ থানার হস্তক্ষেপে বুধবার (১৮ এপ্রিল) ভোরে শিশুর মরদেহ ফিরিয়ে নিয়ে আসল কন্যা সন্তান ফেরত দিতে বাধ্য হয় চাইল্ড কেয়ার কর্তৃপক্ষ। বর্তমানে শিশুটি জিইসির বেসরকারি রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে।
বৃহস্পতিবার  (১৯ এপ্রিল) সিভিল সার্জন ডা. আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাংলানিউজকে জানান, বেসরকারি ক্লিনিক পরিদর্শন কমিটির আহ্বায়ক ও  চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এএম মুজিবুল হক খানের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২৫০ শয্যার আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথকে আহ্বায়ক ও  একই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহ আলমকে সদস্যসচিব ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা শাহেদুল ইসলামকে সদস্য করা হয়েছে কমিটিতে।