পড়াশুনা

কাল থেকে বন্ধ কোচিং সেন্টার

কিশোর বাংলা প্রতিবেদন: দেশের সব কোচিং সেন্টার শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে বন্ধ থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন পর্যন্ত এ ধরনের প্রতিষ্ঠান খোলা থাকতে পারবে না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর এ কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রীর ভাষ্য, ‘কোচিং সেন্টার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের আখড়া। এ কারণে পরীক্ষার সাত দিন আগে থেকে এই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্নফাঁস ঠেকাতে আমরা মরিয়া ও কঠোর। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা সবদিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আগে বিজি প্রেস থেকে প্রশ্নফাঁস হতো, সেটা বন্ধ করেছি। কিন্তু এখন শিক্ষকরাই প্রশ্নফাঁস করছেন। তবে সব শিক্ষক নন, কিছু শিক্ষক এসবের সঙ্গে জড়িত।’
ফেসবুক বন্ধের পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়, পরীক্ষা চলাকালীন সীমিত সময়ের জন্য এগুলো বন্ধ রাখার উদ্যোগ নিয়েছি। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বৈঠকে জানানো হয়, পূর্বসিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার ৩০ মিনিট আগেই প্রত্যেক পরীক্ষার্থীকে কেন্দ্রে এসে নিজ নিজ আসনে বসতে হবে। এরপর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ছবি তোলা যায় না এমন একটি মোবাইল ফোন শুধু কেন্দ্র সচিবের কাছে থাকবে। এছাড়া পুরো কেন্দ্রে আর কোনও মোবাইল ফোন থাকবে না। শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনও ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। এমনকি পরীক্ষার্থী ও শিক্ষকদের আংটি আর ঘড়ি পরীক্ষা করা হবে।’
আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।