কিশোর সংবাদ

আরও ৯ শিক্ষার্থী কারামুক্ত

কিশোর বাংলা প্রতিবেদন: নিরাপদ সড়কের আন্দোলনের মধ্যে পুলিশের করা ভাঙচুরের মামলায় গ্রেপ্তার আরও নয় শিক্ষার্থী কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয় বলে জ্যেষ্ঠ জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের মধ্যে গত ৫ ও ৬ অগাস্ট রাজধানীতে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
ওই সব ঘটনায় দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বিভিন্ন থানায় মোট ৪৩টি মামলা করে। এসব মামলায় গ্রেপ্তার করা হয় ৮১ জনকে।
তাদের মধ্যে ৪১ জনকে রোববার জামিন দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কয়েকজন বিচারক।
জামিন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে নয়জনকে রোববারই মুক্তি দেওয়া হয়। আর সোমবার মুক্তি পাওয়া নয়জনকে নিয়ে কারাগার থেকে বাড়ি ফেরেন স্বজনরা।  ঈদের আগেই সন্তানরা জামিনে মুক্তি পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।