পড়াশুনা

আনোয়ারার উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে প্রাণের মেলা

কিশোর বাংলা প্রতিবেদন:  দেশের মানুষকে সেবার পাশাপাশি দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। একমাত্র শিক্ষিতরাই পারে একটি সমৃদ্ধ জাতি উপহার দিতে।
আনোয়ারা উপজেলার উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা। ‍‘স্মৃতির খোঁজে চলো হারায়, প্রাণের প্রিয় আঙিনায়’ স্লোগানের এ অনুষ্ঠানকে ঘিরে বসেছিল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণের মেলা। পুরো আয়োজনের পৃষ্ঠপোষক ছিল কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।
পুনর্মিলনী পরিষদের সদস্য নুরুল আবছার সবুজ, তাছমিন আক্তার ও মিজান মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মো. আবদুল জব্বার।
প্রধান অতিথি ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরাফাত দোলন, উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক চৌধুরী, বেসিক ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার নির্বাহী ব্যবস্থাপক বাবুল মিয়া, শিক্ষক কামরুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে এত মেধাবী, শিক্ষিত ও সচেতন মুখ দেখে সত্যিই গর্ববোধ করছি। দেশের সেবায় আপনাদের ঝাঁপিয়ে পড়তে হবে।
অনুষ্ঠানে ৬ গুণীজনকে ক্রেস্ট  উপহার দেওয়া হয়। এ ছাড়া এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৭৭ শিক্ষার্থী ও বিদ্যালয়ে ষষ্ঠ-দশম শ্রেণির ২৪ মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধিত করা হয়।