কিশোরবাংলাপ্রতিবেদন: এতিম শিশু কিশোরদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে আদ্-দ্বীন শিশু কিশোর নিকেতন। এখান থেকে বেরিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন এরকম শত শত এতিম রয়েছে। যারা এখন নিজেরাই পরিপূর্ণ মানুষ গড়ার স্বপ্ন দেখেন।
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নে ১৯৮০ সালে এতিমদের জন্য এ শিশু কিশোর নিকেতন গড়ে তোলেন শেখ আকিজ উদ্দিন।
আকিজ উদ্দিনের স্বপ্ন ছিলো, এতিমরা সমাজে বোঝা হয়ে থাকবে না। খাবার, বাসস্থানের অভাব পূর্ণ হবে, একদিন এতিম শিশু পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। খাদ্য, বাসস্থানের অভাবে কোনো এতিম অবহেলায় থাকবে না। সে স্বপ্ন থেকেই এতিমখানাটি গড়ে তোলা। বাবা’র সেই স্বপ্ন বাস্তবায়নে এখন কাজ করছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
প্রথমে ছোট একটি ভাড়া বাড়িতে অল্প কয়েকজন এতিমকে নিয়ে পথচলা শুরু হয় আদ্-দ্বীন শিশু কিশোর নিকেতনের। এখন ৫ বিঘা জমির উপর তিনতলা ভবনে চলছে এতিমদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার কার্র্যক্রম। মানবসেবার এ ব্রত নিয়ে আদ্-দ্বীন হাসপাতালের যাত্রা।
যশোর-বেনাপোল মহাসড়কের পাশেই আদ্-দ্বীন শিশু কিশোর নিকেতন। যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের এ এতিম খানারই ছাত্র। আরেক ছাত্র আব্দুস সালাম বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা সবাই নিজ প্রতিভা আর আদ্-দ্বীনের সহযোগিতায় সুপ্রতিষ্ঠিত।