সমাজ বদলাতে ‘রাজবাড়ী সাইকেলিস্ট’ গ্রুপ
কিশোর বাংলা প্রতিবেদন: ‘সাইকেল চাকায় বিশ্ব দেখি, যুব সমাজকে সচেতন করি’ এ শ্লোগান ধারন করে গড়ে উঠেছে কলেজ পড়ুয়া ছাত্রদের ব্যাতিক্রমী সংগঠন ‘রাজবাড়ী সাইকেলিস্ট’ গ্রুপ। বর্তমানে এ গ্রুপে ৩০ জন সদস্য রয়েছেন। তারা প্রতি শুক্রবার সাইকেল চালিয়ে জেলার বিভিন্ন দর্শনীয় ও শিক্ষণীয় স্থান ভ্রমণ করেন। জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজকে মাদক ও বাল্য বিয়ে মুক্ত করতে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন সচেতনতামূলক দিকনির্দেশনা।
সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি একটি অরাজনৈতিক সংগঠন। পৃথিবীর উন্নত দেশগুলোতেও এ ধরনের সংগঠন আছে। অনেকে সাইকেল চালিয়ে নিজ দেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেন।এ সময় তারা দেশের বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। এক কথায় তারা দেশের প্রতিনিধিত্ব করেন। এ বিষয়টির ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে ‘রাজবাড়ী সাইকেলিস্ট’ সংগঠনটি। মাত্র ছয় জন সদস্য নিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়। বর্তমানে সদস্য সংখ্যা ৩০ জনে পৌঁছেছে।
তারা আরও জানায়, প্রতি শুক্রবার ‘রাজবাড়ী সাইকেলিস্টের’ সদস্যরা দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়ান। এসময় স্থানগুলোর স্থিরচিত্র ধারণ করে ফেসবুক পেজ ও গ্রুপের মাধ্যমে তুলে ধরা হয়। আপাতত জেলার গন্ডিতে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে দেশ ও দেশের বাইরে সাইকেল নিয়ে ভ্রমণের স্বপ্ন রয়েছে।
নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ও সমাজের অসহায় মানুষকে সাহায্য করতে সংগঠন করা হয়েছ। সাইকেল চালিয়ে নিজেদের মন ও শরীরকে সুস্থ সবল রাখা যায়। প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরপরই সাইকেলিস্টরা একে একে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারের সামনে সমবেত হয়। সেখান থেকে তারা সুশৃঙ্খলভাবে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। ভ্রমণকালে একটি সাইকেলের পেছনে আরেকটি সাইকেল সারিবদ্ধভাবে চলে। একই রংয়ের জার্সি পরিহিত চালকদের এমন সারিবদ্ধ সাইকেল চালোনোর দৃশ্য দেখে মানুষ মুগ্ধ হন। দীর্ঘ লাইন দেখতেও বেশ দৃষ্টি নন্দন লাগে।
প্রতি মাসে সদস্য প্রতি ৫০ টাকা করে চাঁদা সংগ্রহ করা হয়।যে ফান্ড গঠন করে অসহায় মানুষের জন্য খরচ করা হবে। যুব সমাজকে মাদকের নেশা থেকে বাঁচিয়ে সুস্থ জীবন গঠনের জন্য তারা প্রচারণা চালায়। সমাজের খারাপ দিকগুলো পরিবর্তন করতে তরুণদের এই ছুটে চলা। সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এ সংগঠন গড়ে তোলা হয়েছ।
রাজবাড়ী জেলাবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটির সদস্যদের দাবি, সকলেই যেন তাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিদিন অন্তত একটি করে হলেও ভালো কাজ করেন। পাশাপাশি সমাজকে বদলানোর চেষ্টা করেন।

