কিশোর চিন্তা

শিশু ও বাল্যবিয়ে নিরোধ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি

কিশোর বাংলা প্রতিবেদন: পাঁচ বছরেও শিশু আইনের বিধিমালা না হওয়ায় আইনটি প্রায় অকার্যকর বলে মনে করছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ। সংগঠনটি বলেছে, বিধিমালা না হওয়ায় শিশু আইন এখন ঝুঁকির মুখে। এ ছাড়াও গত বছর প্রনীত বাল্যবিয়ে নিরোধ আইনের বিধিমালা না হওয়ায় আইনটির বিশেষ বিধানের প্রয়োগ নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। ফলে এই আইনটি অনেকাংশে অকার্যকর বলে দাবি করেছে সংগঠনটি। এ জন্য এই দুই আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানানো হয়।
দশটি শিশু অধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
জাতিসংঘ মানবধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) এর আওতায় তৃতীয়বারের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচিত হতে যাচ্ছে আগামী ১৪ মে। সেখানে বাংলাদেশের শিশু অধিকার বিষয়ক যেসব বিষয় তুলে ধরেছে সংগঠনটি, সে বিষয়গুলো গতকালের সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
সংগঠনটি বলেছে, জাতিসংঘ শিশু অধিকার সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার শিশু আইন-২০১৩ প্রণয়ন করেছে।
উদ্বেগের বিষয় হলো, শিশু আইন-২০১৩ এর বিধিমালা এখনো চূড়ান্ত না হওয়া। একটি স্বাধীন ও নিরপেক্ষ শিশু অধিকার কমিশন গঠনের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পদেক্ষপ গ্রহণ করা হয়নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, শিশুর প্রতি সহিংসতা আমাদের দেশে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী, ২০১৩-২০১৭ পর্যন্ত শিশু হত্যার ঘটনা ঘটেছে ১৪৮০টি এবং শিশু ধর্ষণের ঘটনা ১৯২৯টি। শিশুরা প্রতিনিয়ত শারীরিক ও মানসিক শাস্তির সম্মুখীন হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনায় এ সকল ক্ষেত্রে বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি দেখা যাচ্ছে, যা প্রকারান্তরে শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধির কারণ হিসেবে কাজ করছে। শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার সকল ঘটনাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে বিচারিক কার্যক্রম সম্পন্ন করার দাবি জানানো হয়।
এ ছাড়াও দ্রুত সময়ের মধ্যে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর বিধিমালা  চূড়ান্ত করা এবং বিশেষ বিধানের সম্ভাব্য অপব্যবহার রোধে বিধিমালায় সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা; বাল্যবিবাহ রোধে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করা এবং সম্পাদিত সকল বাল্যবিবাহের ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ’।