কিশোর সংবাদ

৪ রোভারের পায়ে হেঁটে ১৫০ কিমি পরিভ্রমণ

কিশোর বাংলা প্রতিবেদন: ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সেবা স্তরের চারজন রোভার স্কাউট নরসিংদী সদর থেকে মৌলভীবাজার সদর পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করতে যাচ্ছে ।
এরা হলেন রোভার মোঃ হযরত বেলাল, রোভার মোঃ আল মুমিন, রোভার মোঃ আবু সুফিয়ান ও রোভার জহিরুল ইসলাম। তারা রোভার স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের লক্ষ্যে ১৯ থেকে ২৩ ডিসেম্বর, ২০১৭ এই পরিভ্রমণ সম্পন্ন করবে।
পরিভ্রমণের সময় তারা সমাজ সচেতনতামূলক চারটি শ্লোগান- গাছ লাগাই পরিবেশ বাঁচাই, জঙ্গিবাদ রুখে দাঁড়াই, বাল্যবিবাহ বন্ধ করি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি- বহন ও প্রচার করবে।
পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি অফিস পরিদর্শন এবং স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে।
১৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাবি ক্যাম্পাস থেকে এই পরিভ্রমণ শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে কলা অনুষদের সম্মানিত ডীন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে রোভাররা নরসিংদীর উদ্দেশ্যে রওয়ানা হয়।
পরিভ্রমণ দল ১৯ ডিসেম্বর সকাল ৮টায় নরসিংদী সার্কিট হাউজ থেকে এই পরিভ্রমণ শুরু করে ভৈরব, মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল হয়ে ২৩ ডিসেম্বর মৌলভীবাজার জেলা স্কাউট ভবন- এ ৫ দিনব্যাপি এই পরিভ্রমণ সমাপ্ত করবে এবং ২৪ ডিসেম্বর ঢাকায় ফিরে আসবে।