কিশোরবাংলাপ্রতিবেদন: শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে ২১তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদ ও চিত্রশিল্পী চন্দ্র শেখর দে।
১৯৭৫ সাল থেকে ধারাবাহিকভাবে দুই বছর পর পর নবীনশিল্পী চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয়। এবারের আয়োজনে ২১ থেকে ৩৫ বছর বয়সী নবীন ৭৮৭ জন শিল্পীর এক হাজার ৯৭৬টি শিল্পকর্ম জমা পড়ে। এর মধ্য থেকে ৩৮০জন শিল্পীর ৪১২টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, মৃৎশিল্প, কারুশিল্প, স্থাপনা, পারফরমেন্স আর্ট এবং নিউ মিডিয়াসহ চারুশিল্পের প্রায় সব মাধ্যমের শিল্পকর্ম রয়েছে।
এবারের প্রদর্শনীতে ৮টি বিভাগে নবীন শিল্পীদের পুরস্কৃত করা হয়। নবীন শিল্পী চারুকলা পুরস্কার পেয়েছেন সাগর চক্রবর্তী। চিত্রকলায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন প্রদীপ সাহা, ভাস্কর্যে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন এস এম শাহ আনিসুজ্জামান ফারুকী ও ছাপচিত্রে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন স্বপন কুমার সানা। সম্মানসূচক পুরস্কার পেয়েছেন সুষ্মিতা মুখার্জ্জী মিষ্টি, ফয়সাল আবির, মাহমুদা সিদ্দিকা ও অসীম কুমার রায়।
এ প্রদর্শনী চলবে ২৮ জুলাই পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।