কিশোরবাংলাপ্রতিবেদন: শিশুদের জন্য সাহিত্য রচনায় জটিল বাক্যবিন্যাসে গুরুগম্ভীর ভাবনার প্রকাশ না ঘটিয়ে শিশুর চারপাশের ঘটনাবলীকে সহজ-সরল ভাষায় উপস্থাপনের পরামর্শ দিয়েছেন জনপ্রিয় দুই লেখক মুহম্মদ জাফর ইকবাল ও সুকুমার বড়ুয়া।
শিশু-কিশোরদের পছন্দের অনেক বইয়ের লেখক জাফর ইকবাল মনে করেন, শিশু সাহিত্য লিখতে গেলে সবার আগে নিজের শৈশবের কথাই চিন্তা করতে হবে।
আর একুশে পদকজয়ী শিশুসাহিত্যিক-ছড়াকার সুকুমার বড়ুয়া শিশুসাহিত্য রচনায় সময়ের সঙ্গে পরিবর্তনের বিষয়গুলো মাথায় রাখতে বলেছেন।শিশু-কিশোরদের জন্য একটি সহজ-সরল ভাষারীতি প্রয়োগের পরামর্শও দিয়েছেন তিনি।
বইমেলায় বিভিন্ন প্রকাশনী থেকে শিশু-কিশোরদের জন্য আসা বই নেড়ে-চেড়ে সন্তুষ্ট হতে পারেননি অধ্যাপক জাফর ইকবাল। শিশু-কিশোরদের বই পড়ায় আগ্রহী করে তুলতে বরাবরই উৎসাহব্যঞ্জক কথা বলে আসছেন জাফর ইকবাল।
এবার বইমেলায় তাম্রলিপি প্রকাশনী এনেছে জাফর ইকবালের সায়েন্স ফিকশন ‘সাইক্লোন’। মেলার এই দশ দিনে এই বইই বিক্রিতে সবার উপরে রয়েছে বলে প্রকাশনীর মালিক তারিকুল ইসলাম রনি জানিয়েছেন।
এছাড়াও বইমেলায় পার্ল পাবলিকেশন্স থেকে এসেছে মুহম্মদ জাফর ইকবালের ‘তবুও টুনটুনি তবুও ছোটাচ্চু’, সময় প্রকাশনী থেকে এসেছে তার আরেকটি সায়েন্স ফিকশন ‘ত্রাতিনা’।
ছড়াকার সুকুমার বড়ুয়া ২০ বছর আগে লেখালেখি ছেড়ে দিলেও এখনও মেলায় তার ছড়া, শিশু সাহিত্যের চাহিদা রয়েছে। বেশ কয়েকটি প্রকাশনী তার পুরনো বইগুলো পুনর্মুদ্রন করে ছাপাচ্ছে।