কিশোরবাংলাপ্রতিবেদন: ভারতের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষার্থীর সঙ্গে তাদের মা-বাবাকেও তিন বছরের ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক ঢাকা সফরের সময় স্বাক্ষরিত সংশোধিত ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্টে স্টুডেন্ট ভিসার নিয়মও শিথিল করা হয়েছে।
ঢাকার খামারবাড়ির কেআইবি কনভেনশন হলে ভারতীয় শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ভর্তি হলেই তারা সঙ্গে সঙ্গে কমপক্ষে তিন বছরের ভিসা পাবে।”
হাই কমিশনার বলেন, তার দেশ প্রতিবেশী দুই রাষ্ট্রের জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে। ২০১৭ সালে ভারত ১৪ লাখের বেশি ভিসা দিয়েছে, যা আগের বছরের দ্বিগুণ।
বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার উৎসাহ দিয়ে শ্রিংলা বলেন, উচ্চ শিক্ষার জন্য ভারত এখন একটি আকর্ষণীয় গন্তব্য।