কিশোরবাংলাপ্রতিবেদন: বুধবার সন্ধ্যায় শুরু হতে যাচ্ছে চতুর্থ বাংলা খেয়াল উৎসব-২০১৮। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী চতুর্থ বাংলা খেয়াল উৎসব অনুষ্ঠিত হবে চ্যানেল আই প্রাঙ্গনে। এবারের উৎসবে অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগসহ দেশের ৩৪টি সংগীত প্রতিষ্ঠান এবং ১৫০জন শিল্পী। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ থাকবে দুইশ’ নবীনশিল্পীর অংশগ্রহণ।
উৎসবের বিস্তারিত জানাতে ৩০ জানুয়ারি চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান উৎসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
আয়োজনটি প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, “শুদ্ধসংগীত চর্চার প্রসারে প্রথম থেকেই চ্যানেল আই কাজ করে আসছে। খেয়াল ও উচ্চাঙ্গ সংগীত সম্পর্কে মানুষের জানা কম। তবে এ উৎসবের সুবাদে মানুষ এখন উচ্চাঙ্গ সংগীতকে বুঝতে শুরু করেছে, শুদ্ধসংগীত চর্চার পথ খুঁজছে। এ উৎসবটিও দেশের সংগীতের প্রসারে একটি পর্যায়ে পৌঁছাবে।”
উৎসব সম্পর্কে আজাদ রহমান বলেন, “উচ্চাঙ্গ সংগীত নিয়ে যারা কাজ করছেন তারা প্রত্যকেই নিবেদিত প্রাণ। আরা যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
অস্ট্রেলিয়া ও ভারতেও উচ্চাঙ্গ সংগীত উৎসবের আয়োজন হচ্ছে। উচ্চাঙ্গ সংগীতে আমরা জ্ঞানের কথা বলছি ও সুরের কথা বলছি। সবাই মিলে এ সংগীতকে সকল সংগীতপ্রেমির কাছে পৌঁছে দিতে হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে উৎসব সম্পর্কে কথা বলেছেন করিম শাহাবুদ্দিন, অসিত রায়, ড. নাশিদ কামাল, ড. হারুনুর রশিদ, ড. পদ্মিনী দে, সংস্কৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক সেলিনা আজাদ, আলিফ প্রমুখ।