কিশোর বাংলা প্রতিবেদন: প্রযুক্তির অপব্যবহার কিশোর কিশোরীদের ভুল পথে পরিচালিত হওয়ার অন্যতম কারণ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রযুক্তির অপব্যবহার বন্ধে আজ বুধবার জামালপুরে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা।
জামালপুর সদর উপজেলার লাহিড়িকান্দা বাজারসংলগ্ন খাজা শাহ সুফি ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা।
আইনের সংস্পর্শে ও সংঘাতে জড়িত শিশুদের প্রতি প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন (আইআইআরসিসিএল) প্রকল্পের আওতায় বন্ধু সহায়ক কার্যক্রমের (পিএসএস) অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের সমাজকর্মী আরজু মিয়া ও স্বেচ্ছাসেবক আফরিন খান।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খাজা শাহ সুফি ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল মালেক, নার্গিস আক্তার ও মো. রুস্তম আলী। প্রতিযোগিতায় তার্কিক হিসেবে পক্ষে মুন্নী, যুথি ও মৃত্তিকা এবং বিপক্ষে সিনথিয়া, তুষি ও আতিয়া অংশ নেন। বিপক্ষ দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার লাভ করে বিপক্ষ দলের দলনেতা আতিয়া।
উল্লেখ, শিশুদের সর্বোত্তম সুরক্ষা বিশেষ করে আইনের সংস্পর্শে ও সংঘাতে আসা শিশুদের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষার লক্ষ্যে ইউরোপিয়ন ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং অপরাজেয় বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুরে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি বন্ধু সহায়ক কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত ১০টি কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানগুলোর মাধ্যমে চলমান শিশু নির্যাতন, বাল্যবিয়ে, কিশোর অপরাধের ধরণ, মাদক, শিশু পাচারসহ বিভিন্ন বিষয়ের ওপর শিশুরা বিশেষ করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে বলে আয়োজক সংস্থা সূত্র জানায়।