পড়াশুনা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইন্টারনেট বন্ধ আলজেরিয়ায়

কিশোর বাংলা প্রতিবেদন: পরীক্ষায় অসদুপায় নিয়ন্ত্রণের লক্ষে উচ্চ বিদ্যালয়ের সার্টিফিকেট পরীক্ষা চলাকালীন কিছু সময়ের জন্য দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে রাখছে আলজেরিয়া।
এ ধরনের প্রতিটি পরীক্ষা শুরুর পর প্রশ্ন ফাঁস ঠেকাতে মোবাইল ও ফিক্সড লাইনের ইন্টারনেট সেবা এক ঘন্টার জন্য বন্ধ রাখা হচ্ছে ।
২০ জুন, বুধবার থেকে ২৫ জুন পর্যন্ত পরীক্ষা চলাকালীন পুরো সময়টিতে এই প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।
আলজেরিয়ায় ২০১৬ সালে পরীক্ষা শুরু হওয়ার আগে ও পরীক্ষা চলাকালীন ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন ফাঁসের ব্যাপক ঘটনা ঘটেছিল। তার জেরেই কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্তের দিকে এগোয়। 
গত বছর পরীক্ষা চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবেশ বন্ধ রাখার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের প্রতি আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু তাতে তেমন কাজ হয়নি। তাই এবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলজেরিয়ার শিক্ষামন্ত্রী নুরিয়া বেঙ্গাব্রিত স্থানীয় অ্যানাহার সংবাদপত্রকে জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন পুরো সময়জুড়ে দেশব্যাপী ফেইসবুক ব্লক করে রাখা হতে পারে।