কিশোর সমস্যা

আসন্ন ঝড়ো ও বর্ষা মৌসুমে ঝুঁকিতে রোহিঙ্গা শিশুরা

কিশোর বাংলা প্রতিবেদন: কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া পাঁচ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু আসন্ন ঝড়ো ও বর্ষা মৌসুমে মারাত্মক স্বাস্থ্য ও নিরাপত্তাঝুঁকিতে পড়বে।
ইউনিসেফ বাংলাদেশের প্রধান এদোয়ার্দ বেগবেদার বলেছেন, ইতোমধ্যে সৃষ্ট ভয়ানক মানবিক পরিস্থিতি ঘূর্ণিঝড় ও মৌসুমি ঋতুতে আরও ভয়াবহ রুপ ধারণ করতে পারে। কয়েক লাখ শিশু ভয়ঙ্কর পরিবেশে বাস করছে।বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের কারণে ঝুঁকি অনেক বাড়বে এবং এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা।
তিনি আরও বলেছেন, অনিরাপদ খাবার পানি, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা ও দুর্বল স্বাস্থ্যবিধির কারণে কলেরা ও হেপাটাইটিস ই এর প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এসব রোগে গর্ভবতী নারী ও তাদের সন্তানের মৃত্যু হতে পারে।
শরণার্থী শিবিরে প্রায় চার হাজার মানুষ ডিপথেরিয়ায় আক্রান্ত। এখন পর্যন্ত মারা গেছে ২৪ শিশুসহ ৩২ জন। ইউনিসেফ ও সহযোগীরা টিকা কার্যক্রম শুরু করেছে। সবাইকে নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন সুবিধার আওতায় আনার চেষ্টা করছে তারা। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে রোগের ঝুঁকি বেড়ে গেছে।
বাংলাদেশে সাধারণত মার্চ থেকে জুলাই ও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই দুই মৌসুমে গ্রীষ্মকালীন জলোচ্ছ্বাস হয়ে থাকে। তবে মে ও অক্টোবর মাসে বড় ধরণের ঝড় হয়। এছাড়াও জুন মাসে নিয়মিত মৌসুমি বৃষ্টিপাত ভয়াবহ ভূমিধস ও বন্যার সৃষ্টি করতে পারে।