হারিয়ে গেছে
হারিয়ে গেছে
আলী রেজা
হারিয়ে গেছে আমার প্রিয়
শাপলা শালুক বিল
নীল আকাশের নীড়ে ভাসা
শুভ্র শঙ্খ চিল।
হারিয়ে গেছে মায়াঘেরা
ছোট্ট সোনার গাঁও
নদীর বুকে রঙ ছড়ানো
বাদামতোলা নাও।
হারিয়ে গেছে আপনজনের
আদর সোহাগটাও
রাজকুমারের গল্পবলা
ঘুমপাড়ানি মাও।
হারিয়ে গেছে শরৎশশী
শিউলিফোটা ভোর
মেঠোপথে ছুটে চলা
দুরন্ত কিশোর।
হারিয়ে গেছে দাদা দাদি
নানা নানির কোল
উদাস দুপুর অলস বিকেল
দোলনাটারও দোল।

