নির্বাচনী সহিংসতা: ক্ষতিগ্রস্ত স্কুলে উপস্থিতি কম
কিশোর বাংলা প্রতিবেদন: ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। যে কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি অনেক কম। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ে ভাংচুর হওয়া আসবাবপত্র এখনও ছড়িয়ে- ছিটিয়ে রয়েছে।
এদিকে সংসদ সদস্যের ওপর হামলা ও পরবর্তী সময়ে গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে রাজঘর গ্রামে। গ্রেফতারের ভয়ে গ্রামের বেশিরভাগ পুরুষ সদস্য এলাকা ছেড়ে পালিয়েছেন। এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী অনেকে জানায়, টেবিল না থাকায় তারা ভালোভাবে ক্লাস করতে পারছে না।
উল্লেখ্য, রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র ছিল। ভোটের দিন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ওই কেন্দ্র পরিদর্শনে গেলে তার ওপর অতর্কিত হামলা করে বিএনপির নেতাকর্মীরা।

