স্বাস্থ্য

দেশে নিউমোনিয়ায় বছরে প্রাণ হারায় ২০ হাজার শিশু

কিশোর বাংলা প্রতিবেদন: দেশে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। অপুষ্টি, হাম, ভিটামিন এ এর ঘাটতি, পরিবেশ দূষণ, অপর্যাপ্ত মাতৃদুগ্ধপানসহ নানা কারণে আশঙ্কাজনকহারে বাড়ছে নিউমোনিয়া।

শিশু মৃত্যু হার কমাতে ব্যাপক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটি হাসপাতালগুলোতে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের।

তীব্র শ্বাসকষ্টে ছটফট করছে ৩ মাসের শিশু নুসাইফা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী থেকে ঢাকা শিশু হাসপাতালে ছুটে এসেছেন তার মা। চিকিৎসকের আশ্বাসের পরও শঙ্কা কাটছে না এই জননীর।

আক্রান্ত শিশুটির মা জানান, প্রথমে ছিল পাতলা পায়খানা। পরে জ্বর এরপর শ্বাসকষ্ট।

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসার সুব্যবস্থা না থাকায় ভুক্তভোগীরা ছুটে আসছেন রাজধানীতে। তবে নিউমোনিয়ার সাধারণ লক্ষণ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট হওয়ায় অভিভাবকরা অজান্তেই সময়ক্ষেপণ করেন। অনেকক্ষেত্রেই বাঁচানো সম্ভব হয় না আক্রান্তদের।

বেসরকারি গবেষণায়, দেশে প্রতি বছর এক লাখের অধিক মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়। যার মধ্যে ৫ বছরের নিচের ২০ হাজারের অধিক শিশুর মৃত্যু হয়। অনাকাঙ্খিত মৃত্যু রোধে দেশের কমিউনিটি হাসপাতালগুলোতে শিশুদের জন্য চিকিৎসার সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের।