কিশোর চিন্তা

‘সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন’

কিশোর বাংলা প্রতিবেদন: এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী বাংলাদেশ ও ইত্তেফাক আয়োজিত গোলটেবিল বৈঠকে সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দিয়েছেন বক্তারা।
তারা বলেছেন, এসওএস শিশুপল্লীর কার্যক্রম সুবিধাবঞ্চিত ও পরিবার বিচ্ছিন্ন শিশুদের সুন্দর জীবন গড়তে বিশ্বজুড়েই দৃষ্টান্ত স্থাপন করেছে। একে মডেল ধরে সারাদেশেই শিশুপল্লী গড়ে তোলা হলে অন্ধকারে হারিয়ে যাওয়া শিশুরা আলোকিত জীবনের দেখা পেতে পারে। তাদের এই দৃষ্টান্তমূলক কাজের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিও জানান কেউ কেউ।
রাজধানীর কাওরানবাজারে ইত্তেফাক কার্যালয়ে মজিদা বেগম মিলনায়তনে ‘শিশু সুরক্ষা ও উন্নয়ন:এসওএস শিশু পল্লীর ভূমিকা’ শীর্ষক এই আলোচনায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ ও মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।
এতে সূচনা বক্তব্য রাখেন এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর গোলাম আহমেদ ইসহাক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী বাংলাদেশের শিশু সুরক্ষা বিষয়ক ন্যাশনাল ফোকাল পারসন চায়না রানী সাহা। সভাপতিত্ব করেন ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শরণার্থী ও পরিবার হারানো শিশুদের পাশে দাঁড়ানোর জন্য হারম্যান মেইনার ‘এসওএস শিশু পল্লী’র ধারণাটি চালু করেন। যা পরিবারের বিকল্প হয়ে পরিবার ও মা-বাবা হারানো শিশুদের ভবিষ্যত্ জীবনকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করছে। ১৯৭২ সাল থেকে দেশে কাজ করে যাচ্ছে ‘এসওএস শিশু পল্লী’।