ফিচার

মাতৃভাষায় ডাক্তারি পরীক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে

কিশোর বাংলা প্রতিবেদন: পরীক্ষার্থীরা বাঙালি। বাংলা তাদের মাতৃভাষা। ভারতে বাংলা ও ইংরেজি ভাষায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট (নিট)’ দেওয়ার সুযোগ থাকলেও এবছর বাংলায় পরীক্ষা দিতে চলেছে পাঁচ শতাংশেরও কম।
গত কয়েক বছরের মধ্যে এবছর এই সংখ্যা সবচেয়ে কম। এমনই করুণ দশার কথা জানিয়েছেন কলকাতার নিটে প্রস্তুতির সঙ্গে যুক্ত শিক্ষকরা।
তারা জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলাতে সব বিষয়ে পড়লেও ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা কোনভাবেই বাংলায় দিতে চাইছেন না শিক্ষার্থীরা। অথচ গতবছরও পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষার্থীদের একটা বড় অংশ বাংলা প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছিল।
গত বছর সমগ্র ভারতে ১১ লাখের বেশি নিট পরীক্ষার্থীর মধ্যে ৭০ হাজারের মতো পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ৩০ হাজারের কিছু বেশি শিক্ষার্থী বাংলায় নিট দিয়েছিলেন। এবছর এই সংখ্যা পাঁচ হাজারও অতিক্রম করবে কিনা এমনই সন্দেহ প্রকাশ করছেন নিট প্রস্তুতিতে যুক্ত বড় বড় কোচিং সেন্টারের শিক্ষকরা।