কিশোরবাংলাপ্রতিবেদন: আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, “আগামী নির্বাচনে বড় একটা অঙ্গীকার থাকবে, যে কোনো মূল্যে শিশুমৃত্যুর হার কমিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই। স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য হিসেবে এটা বলে যাচ্ছি।”
‘প্রতিটি নবজাতককে বাঁচাতে হবে: প্রয়োজন নির্বাচনী প্রতিশ্রুতি’ শীর্ষক এই গোলটেবিল আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গী ছিল জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ।
বাংলাদেশে গত সিকি শতাব্দীতে শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমলেও নবজাতকের মৃত্যুহার এখনও একটি বড় চ্যালেঞ্জ। এক হিসেবে বাংলাদেশে প্রতিদিন ১৭০টি শিশুর মৃত্যু হয়, যাদের বয়স চার সপ্তাহের কম। কেবল তিনটি সহজ বিষয় নিশ্চিত করতে পারলে এর ৮৮% মৃত্যু সহজেই ঠেকানো সম্ভব।
আওয়ামী লীগ সরকারের সময়ে ৬০০ ধাত্রী নিয়োগের বিষয়টি তুলে ধরে নাসিম বলেন, তাদের ইউনিসেফ প্রশিক্ষণ দিচ্ছে; নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য সেই প্রশিক্ষিত ধাত্রীদের গ্রামে পাঠানো হচ্ছে, হেলথ ক্যাম্প হচ্ছে।