কিশোর সংবাদ

ফের গণ হিস্টিরিয়ায় আক্রান্ত ১৭ শিক্ষার্থী

কিশোর বাংলা প্রতিবেদন: মেহেরপুর সদর উপজেলার সেই হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী আবারো হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে।  তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দেয়া হচ্ছে।  বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ক্লাস চলাকালীন সময়ে সপ্তম শ্রেণীর ছাত্রী রিনা খাতুন ক্লাস চলাকালিন সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে।  একইভাবে অন্যান্য শ্রেণীর কিছু ছাত্রী অচেতন হয়ে পড়ে।  অ্যাম্বুলেন্সে এবং বিভিন্ন পরিবহণ করে তাদের দ্রুত হাসপাতালে আনা হয়। 
মেহেরপুর হাসপাতালের সুপার ডা. মিজানুর রহমান জানান, এ পর্যন্ত ১৭ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  এটি গণহিস্টিরিয়া নামে একটি রোগ।  এতে একজন আক্রান্ত হলে পাশের অন্যদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ে।  তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে দাবি করেন ওই চিকিৎসক।  তিনি বলেন, কাউনসিলিং করে এই রোগ সহজেই প্রতিরোধ করা যায়।
গত মঙ্গলবার দুপুরে একই স্কুলে ৫০ জন ছাত্রী গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।