পড়াশুনা

৫৭ মেডিকেলে শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমের বাধা কাটল

কিশোর বাংলা প্রতিবেদন: ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজে সাধারণ কোটায় ভর্তি হওয়া ৫৭ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বাধা কেটেছে আপিল বিভাগের আদেশে।
সেই সঙ্গে মেধা তালিকায় নাম থাকার পরও ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থী তারিকুল ইসলামকে সাত দিনের মধ্যে ভর্তি করে নিতে বলেছে সর্বোচ্চ আদালত।
কলেজ কর্তৃপক্ষের এক আবেদনের শুনানি করে অস্থায়ী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বুধবার এ আদেশ দেয়।
তারিকুল ইসলামের বাবার করা একটি রিট আবেদনে গত ৯ জানুয়ারি হাই কোর্ট কোটায় ভর্তি ওই ৫৭ শিক্ষার্থীকে এক মাসের জন্য শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিল।
কলেজ কর্তৃপক্ষ ওই আদেশ স্থগিতের আবেদন করলে তা চেম্বার আদালত ঘুরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আসে। এ বিষয়ে দুই দিন শুনানি করে বুধবার আদেশ দেয় আপিল বিভাগ।
আদেশে এক সপ্তাহের মধ্যে তারিকুলের ভর্তির ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
আপিল বিভাগ একইসঙ্গে হাই কোর্টের রুল নিষ্পত্তি করে দেওয়ায় ৫৭ শিক্ষার্থীর বিষয়ে হাই কোর্টের এক মাসের নিষেধাজ্ঞাও এখন আর কার্যকর থাকছে না বলে আইনজীবীরা জানান।
উত্তরা আধুনিক মেডিকেলের পক্ষে আদালতে শুনানি করেন ফজলে নূর তাপস, সঙ্গে ছিলেন মেহেদী হাসান চৌধুরী। আর রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দীন ও রেজিনা মাহমুদ।