কবিতা

রাশেদ রউফ এর কবিতা

ছুটি মাখা সকালে

রাস্তাটা এঁকে বেঁকে একা একা চলে
দু’পাশে বৃক্ষ আছে নিজের দখলে।

দু’পাশে বৃক্ষ আছে নিজের দখলে।
পাখিরাও গান গায় গাছের শাখায়

ছুটি মাখা সকালের রোদ আসে গায়।
শহরের কোলাহল হৈ চৈ ফেলে

ছায়া দেখে মায়া দেখে উত্তরে গেলে
মাটির গন্ধ পাই, যাই পায়ে পায়
কিছুটা টেম্পো করে, কিছু রিকশায়।

যে দিকে তাকাই আমি সবুজে সবুজ
কিছুটা ব্যাকুল হই, কিছুটা অবুঝ

একটু এগোলে দেখি ছোটখাটো নদী
মন চায় ঘুরি — পাই নৌকাটি যদি।

ছকে বাঁধা সেতু নেই, নেই কোনো ফেরি
চা-বাগানে হাত নাড়ে আমিন কাদেরী।

ছবির দেশটা যেন কবিতারই দেশ
চারদিকে খুঁজে পাই মমতার রেশ।

যাই যাই একা আর দল বেঁধে যাই
হাতছানি দিয়ে ডাকে প্রিয় কাপ্তাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *