টাঙ্গাইলে ‘ব্লু হোয়েল’ আসক্ত তরুণকে জিজ্ঞাসাবাদ
কিশোর বাংলা প্রতিবেদন : টাঙ্গাইলে গোপালপুর উপজেলায় এ সময়ের সবচেয়ে আলোচিত অনলাইন সুইসাইড গেম ‘ব্লু হোয়েল’ আসক্ত তরুণ হৃদয়কে (২০) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় হৃদয়ের এই বিপজ্জনক গেমে জড়িয়ে পড়ার সংবাদ পেয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোপালপুর থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।
হৃদয় উপজেলার আলমনগর বয়ড়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী আমজাদ আলীর ছেলে। তিনি গাজীপুরে একটি পেপার মিলে চাকরি করেন।
ওসি হাসান আল মামুন জানান, আলোচিত এই ‘ব্লু হোয়েল’ গেমটি খেলার বিষয়টি হৃদয় স্বীকার করেছেন। পুলিশের পক্ষ থেকে হৃদয়ের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
হৃদয়ের পরিবার সূত্রে জানা যায়, ঢাকার গাজীপুরে একটি পেপার মিলে চাকরি করেন হৃদয়। সম্প্রতি মোবাইলে ‘ব্লু হোয়েল’ গেম খেলায় আসক্ত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে গত ১১ অক্টোবর তার ফেসবুকে হাতে ব্লেড দিয়ে কেটে আঁকা তিমি মাছের একটি ছবি পোস্ট করেন। ছবিটি ফেসবুকের মাধ্যমে হৃদয়ের মামা সৌদি প্রবাসী কবির হোসেনের নজরে আসে। কবির বিষয়টি তাৎক্ষণিক সৌদি থেকে তার স্বজনদের জানালে আতঙ্কিত হয়ে পরিবারের লোকজন গত বুধবার রাতে হৃদয়কে গাজীপুর থেকে বাড়িতে নিয়ে আসে।


