ফিচার

১৫০০ বছরের পুরোনো তলোয়ার উদ্ধার করলো ৮ বছরের শিশু

কিশোর বাংলা প্রতিবেদন: সুইডেনে একটি হ্রদে সাঁতার কাটার সময় একটি প্রাক-ভাইকিং যুগের তলোয়ার পেয়েছে আট বছর বয়সী এক কন্যাশিশু।
দেশটির জোনকোপিং কাউন্টিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে ভিদোস্টার্ন হ্রদে সাগা ভ্যানেসেক নামের এই শিশু তলোয়ারটির ধ্বংসাবশেষটি খুঁজে পায় ।
প্রাথমিকভাবে বলা হচ্ছিল, এটি ১০০০ বছরের পুরোনো তলোয়ার। কিন্তু এখন স্থানীয় জাদুঘরের বিশেষজ্ঞরা মনে করছেন, এটি প্রায় ১৫০০ বছর আগের তলোয়ার। জাদুঘর কর্তৃপক্ষের মতে, এটা খুব ভালোভাবে সংরক্ষিত ছিল।
জাদুঘরটির সঙ্গে সংশ্লিষ্ট মিকাইল নোর্দোস্ট্রোম বলেন, প্রতিদিন হ্রদে এমন তলোয়ার পাওয়া যায় না। খরার কারণে এখন পানির স্তর অনেক নিচে নেমে গেছে। সম্ভবত এই কারণে সাগা প্রাচীন এই তলোয়ার খুঁজে পেয়েছে।
সাগার ভাষায়, সাঁতার কাটার সময় পানির নিচে কিছু একটা আছে বলে মনে হয় আমার এবং আমি এটা ওপরে তুলি। এটা দেখতে তলোয়ারের মতো। এতে একটা হাতল ছিল। আমি বাবাকে বিষয়টা জানালাম।