স্কুলে স্কুলে চলছে ভর্তির আবেদন
কিশোর বাংলা প্রতিবেদন: ঢাকা মহানগররীর সরকারি বেসরকারি স্কুল গুলোতে আগামী বছরের জন্য ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছ। খ্যাতনামা স্কুলগুলোর বেশ কয়েকটি এরই মধ্যে ভর্তির প্রথম ধাপের কার্যক্রম শেষ হয়েছে। কিছু স্কুলে চলছে। সরকারি স্কুলগুলোতে ভর্তি ফরম পাওয়া যাবে অনলাইনে ১ ডিসেম্বর থেকে। সরকারি-বেসরকারি মিলিয়ে শতাধিক স্কুল রয়েছে ঢাকা শহরে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূ্ত্রে জানা গেছে, গত অক্টোবরে মাউশি সিদ্ধান্ত নিয়েছিল, ঢাকার সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি ফরম ১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা শুরু হবে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর।
আর প্রথম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।তবে ৮ নভেম্বর নির্বাচন কমিশন আগামী ২৩ ডিসেম্বর জাতীয় নির্বাচন তারিখ ঘোষণা করলে স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। তবে নির্বাচন সাত দিন পেছানোয় আগের নির্ধারিত তারিখেই ভর্তি কার্যক্রম শুরু করতে চায় মাউশি।
মাউশির মাধ্যমিক শাখার পরিচালক আব্দুল মান্নান জানান, সংসদ নির্বাচনের তারিখ পেছানোয় এখন আগের তারিখেই ভর্তির কাজ শুরু করার চেষ্টা থাকবে। এ বিষয়ে অনুমোদন পাওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

