স্কুলে ভর্তি পরীক্ষাও শেষ করতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে
কিশোর বাংলা প্রতিবেদন: নির্বাচন কমিশনের আদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা দ্রুত শেষ করা হচ্ছে। কিন্তু এখন নির্বাচন কমিশন সরকারি স্কুলগুলোর ভর্তিপরীক্ষার সময়ও এগিয়ে আনার কথা বলছে।
নতুন নির্দেশে ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। কিন্তু বিভিন্ন শ্রেণিতে এত তাড়াতাড়ি ভর্তি পরীক্ষা শেষ করা নিয়ে অনেকটা বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। এমনকি সরকারি স্কুলগুলোর ভর্তি পরীক্ষা শেষ করা নিয়েও বেশ সমস্যায় পড়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
আগামী ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায় অধিদপ্তর। তবে গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ১০ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষাও শেষ করতে হবে।
অধিদপ্তর সূত্র জানায়, নতুন করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আজ বুধবার আবার সভা ডাকা হয়েছে। এই সভায় ১০ ডিসেম্বরের মধ্যে নতুন তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে।

