পড়াশুনা

সিলেট বিভাগে নতুন বই পাবে সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী

কিশোর বাংলা প্রতিবেদন: সিলেট বিভাগে নতুন বই পাবে সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। বই উৎসব উদযাপনে সম্পূর্ণরূপে প্রস্তুত সিলেট। সিলেটে পৌঁছেছে ৭৯ লাখ ৯৪ হাজার ৪২৮টি বই। বছরের প্রথম দিনে (১ জানুয়ারি ২০১৮) সিলেট বিভাগে ১৬ লাখ ৬৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থী মেতে ওঠবে বই উৎসবে।
সিলেট বিভাগের ৫ হাজার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭ হাজার ৯২৪টি বেসরকারি বিদ্যালয়ে একযোগে বই উৎসব উদযাপন হবে। এমন তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে।
সংশ্লিষ্টরা জানান, বিভাগে ৫ হাজার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সিলেটে ১ হাজার ৪৫৩টি, সুনামগঞ্জে ১ হাজার ৪৬৫টি, হবিগঞ্জে ১ হাজার ৪১টি ও মৌলভীবাজারে ১ হাজার ৪৮টি এবং ১ হাজার ৪২৪টি কেজি স্কুল, ২ হাজার ২৪৯টি আনন্দ স্কুল, ৩ হাজার ৯৪৮টি এনজিও পরিচালিত স্কুল ও ৩০২টি মাদ্রাসায় একযোগে এ বই বিতরণ করা হবে।
সিলেটে পাঠ্যবইসহ ৮২ লাখ ৪৬ হাজার ৭১৬ টি বইয়ের চাহিদার বিপরীতে ৭৯ লাখ ৯৪ হাজার ৪২৮টি বই মিলেছে। এরমধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ বই পৌঁছে গেছে অর্থাৎ বই উৎসবের জন্য সিলেট প্রস্তুত রয়েছে।