কিশোরবাংলাপ্রতিবেদন: সাফ অনূর্ধ্ব ১৫ মহিলা ফুটবলে চ্যাম্পিয়নের গৌরব অর্জনের পর প্রথমবারের মতো সংবর্ধিত হলো খেলোয়াড়রা। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অনূর্ধ্ব ১৫ মহিলা জাতীয় ফুটবল দলের অধিনায়ক মারিয়া মন্ডা।
তিনি বলেন, আজকের এই সংবর্ধনা আগামীতে আমাদের আরো ভালো খেলতে উদ্বুদ্ধ করবে। যশোর জিলা স্কুল মাঠে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তিনি বলেন, ‘নারী খেলোয়াড়দের স্বপ্নপূরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। চারবছর মেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প চলছে। নতুন খেলোয়াড় হান্টিংও চলছে একইসাথে।’
তিনি আরও বলেন,আজকে যারা খেলেছে তাদের ওপর নির্ভর করে থাকলে চলবে না। জেলাগুলো থেকে নতুন খেলোয়াড় তুলে আনতে হবে।
সেটাই আমাদের প্রধান কাজ। যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমাদের মেয়েদের আন্তর্জাতিক লেভেলে নিতে হলে আরো বেশি পরিচর্যা ও উৎসাহের প্রয়োজন। আজ যশোর ফুটবল অ্যাসোসিয়েশন যা করেছে তা ফুটবলকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।