কিশোরবাংলাপ্রতিবেদন: শিশু সুরক্ষা নিশ্চিত করতে শিগগির বিধিমালা প্রণয়ন করে শিশু আইন কার্যকর করার তাগিদ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
রাজধানীতে মঙ্গলবার একটি শিশু অধিকার সংগঠনের আয়োজনে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চার বছরেও বিধিমালাটি প্রণীত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি।
রিয়াজুল হক বলেন, অতি দ্রুত জাতীয় শিশু আইন ২০১৩ এর রুলস ঠিক করে কার্যকর করা জরুরি। আমি জানি না, এতদিন পরেও কেন শিশু আইন কার্যকর করা সম্ভব হলো না।
শিশু সুরক্ষায় যুগোপযোগী আইন প্রণয়নের দাবির মুখে আওয়ামী লীগ সরকার ১৯৭৪ সালের বাংলাদেশ শিশু আইন রহিত করে ২০১৩ সালে নতুন শিশু আইন প্রণয়ন করেছে।কিন্তু আইনটির বিভিন্ন দিক ব্যাখ্যা করে কোনো বিধিমালা প্রণীত না হওয়ায় চার বছরেও তা পুরো কার্যকর হয়নি।
অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (এএসডি) ‘ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যাট হাই রিস্ক’ (ডিসিএইচআর)’ প্রকল্পের আয়োজনে ‘শিশু সুরক্ষা: আমাদের করণীয়’ শীর্ষক এই সংলাপ হয়।
আলোচ্য বিষয়ের উপর লিখিত তথ্য উপস্থাপন করেন ডিসিএইচআর প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা।
তাতে ২০১৭ সালে প্রতি মাসে গড়ে ৩৩টি শিশ খুন হওয়ার এবং মাসে গড়ে ৪৯ জন শিশুর ধর্ষণের শিকার হওয়ার তথ্য তুলে ধরা হয়।