কিশোরবাংলাপ্রতিবেদন: প্রাতিষ্ঠানিক শিক্ষায় এক্সিকিউটিভ তৈরি হয়, কিন্তু সত্যিকারের মানুষ হওয়ার জন্য প্রয়োজন সাহিত্যে অবগাহন করা। শিশুদের মনোবিকাশে শিশু সাহিত্যের বিকল্প নেই। এভাবে শিশুদের হাতে বই তুলে দেওয়ার দাবি জানালেন দেশের প্রতিথযশা লেখক-সাহিত্যিকরা।
বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে চন্দ্রাবতী শিশু সাহিত্য সম্মেলনে বক্তারা এমন দাবি তোলেন। চন্দ্রাবতী একাডেমী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চারশ শিশু সাহিত্যিককে নিয়ে এ সম্মেলনের আয়োজন করে।
বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আর শিশুদের চিন্তার জগত শানিত হয় বই পড়লে। শিশু কিশোরদেরকে বই বিমুখ করে জিপিএ ফাইভ পাওয়ার জন্য তাদেরকে অসুস্থ প্রতিযোগিতায় নামানো হয়েছে। তাই সমাজে অপরাধ প্রবনতা বাড়ছে। মানবিক মূল্যবোধ কমে যাচ্ছা। এখন কোন শিক্ষার্থী নেই, সবাই পরীক্ষার্থী বলেও মন্তব্য করেন বক্তারা।
শিশু সাহিত্য সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।