ভুটানকে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ
কিশোর বাংলা প্রতিবেদন : সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলায় ৩-০ গোলের ব্যবধানে ভুটানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ মঙ্গলবারের অপর খেলায় ভারত জেতায় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে উঠে গেছে স্বাগতিকরা।
ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়টি ৩-০ গোলের। টানা দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ আগামী বৃহস্পতিবার সাড়ে ১১টায় ভারতের মুখোমুখি হবে। নেপালকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দুই জয়ে ফাইনালে উঠেছে ভারত।
নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন শামসুন্নাহার-মারিয়ারা। ভারত প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছিল ৩-০ গোলে।
আক্রমণাত্মক খেলার লক্ষ্য নিয়ে মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নামা বাংলাদেশ ম্যাচের শুরু থেকে ভুটানের রক্ষণে চাপ দিতে থাকে। দ্বাদশ মিনিটে এগিয়ে যাওয়া গোলও পেয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে মার্জিয়ার কর্নারে আঁখি খাতুনের হেড চোখের পলকে জালে জড়ায়।
এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়াতে একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ। কিন্তু ভুটান রক্ষণে নিজেদের মুড়িয়ে নেওয়ায় প্রথমার্ধে আর গোল পায়নি রব্বানীর দল।


