ফিচার

টেকনাফে ৮৩তম শিশু বান্ধব কেন্দ্র উদ্বোধন

কিশোর বাংলা প্রতিবেদন: শিক্ষায় পিছিয়ে পড়া কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরের নুর আলিপাড়া ক্যাম্পে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের ৮৩তম শিশু বান্ধব কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
রোহিঙ্গাদের পাশাপাশি এ কেন্দ্রে নয়াপাড়া এলাকায় বসবাসকারী বাংলাদেশি শিশুরা এখানে পাঠগ্রহণে অংশ নেবে। সেভাবেই কেন্দ্রটি উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রোটেকশন’র প্রোগ্রাম ম্যানেজার মিকেলে কাসাল্বনি বলেন, শিশু বান্ধব কেন্দ্রগুলো শিশুর মনন বিকাশে উপযুক্ত একটি স্থান। যেখানে শিশুরা খেলতে পারে এবং স্বাভাবিক নিয়ম, শৃঙ্খলা শেখার সুযোগ পায়। কেন্দ্রগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দল ও কর্মীদের দ্বারা শিশুরা মননশীল সামাজিক সহায়তাও পেয়ে থাকে।
মিকেলে কাসাল্বনি আরও বলেন, কেন্দ্রগুলোতে শিশুদের জন্য অধিবেশনের আয়োজন করা হয়। যেখানে তারা বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে জ্ঞান পায়। এর মধ্য দিয়ে শিশু পাচার, নির্যাতন, শিশু শ্রম, বাল্য বিবাহ ইত্যাদি বিষয়ে শিশুরা সচেতনতার শিক্ষা পায়। এছাড়াও স্বাস্থ্যসম্মত জীবনযাপন, সুস্বাস্থ্য ও সড়কে চলাফেরা নিয়ে সতর্কতার জ্ঞানও এখান থেকে পেয়ে থাকে তারা।