পড়াশুনা

এসএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগত প্রবেশ নিষেধ

কিশোর বাংলা প্রতিবেদন: ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে  ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। এ আদেশ আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা চলাকালীন দিনগুলোতে বলবৎ থাকবে।
প্রশ্নফাঁস ঠেকাতে নজিরবিহীন কড়া পরিবেশের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শিক্ষার্থীরা এবারই প্রথম পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ আসনে বসেছে।
চলতি বছর ৩ হাজার ৪১২টি কেন্দ্রে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।
পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা চলছে।